ভারতের জনপ্রিয় হিল স্টেশন দার্জিলিং ও সিকিম ভ্রমণের জন্য সবচেয়ে বেশি পর্যটক যায় এপ্রিল মাসে। বর্ষা শুরু হবার আগে সে দেশের বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে পর্যটকরা। এর বাইরে যোগ হচ্ছে বাংলাদেশ থেকে যাওয়া পর্যটকের ঢল। মূলত কম খরচে ঘোরার জন্যই দারুণ জনপ্রিয় দার্জিলিং ও সিকিমে যারা যাওয়ার পরিকল্পণা করছেন তাদেরকে হিসেব-নিকেশ নতুন করে করতে হবে। লাগামহীন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণেরই অস্বাভাবিক বেড়েছে এ সমস্ত জায়গার ভ্রমণ খরচ।
মার্চের শেষের দিকে ভারতের বাই রোডে ভিসা দেবার ঘোষণার পর থেকেই ভিড় বাড়তে শুরু করেছে ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার (আইভাক) গুলোতে। করোনার প্রভাব কমার পর দার্জিলিং, মিরিক, কালিম্পং, সিকিম উন্মুক্ত হয়েছে পর্যটকদের জন্য। এদিকে মে দিবস, ঈদের ছুটি এবার এমনভাবে পড়ছে কার্যত ২৯ এপ্রিল থেকে টানা ৭ ই মে পর্যন্ত লম্বা ছুটি পাচ্ছে অনেকেই। এসময়টাকে কাজে লাগানোর জন্য অনেকেই বেছে নিচ্ছে দার্জিলিং-সিকিম ভ্রমণ।

কিন্তু কম খরচে যারা পরিকল্পণা করছেন তাদের জন্য দু:সংবাদই বটে। ভারতের পশ্চিমবঙ্গ সরকারের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে ওই দার্জিলিং ও আশেপাশের জেলাগুলোর গাড়ি ভাড়া বেড়েছে প্রায় দেড়গুণ। একই অবস্থা সিকিমেরও। ভারতের পত্রিকা আজতক.ইন জানাচ্ছে শিলিগুড়ি থেকে দার্জিলিং ও কালিম্পং যাওয়ার জন্য যে গাড়ির ভাড়া ছিলো ২,৫০০ রুপি সেটা গিয়ে ঠেকেছে ৩,৫০০ রুপিতে। একইভাবে বড়গাড়ির ভাড়া দাঁড়িয়েছে ৪,৫০০ রুপিতে। মিরিক যেতে হলে এর সাথে যোগ করতে হবে আরো ১,৫০০ রুপি।

এ সময়ের জনপ্রিয় জায়গা সিকিমেও বেড়েছে গাড়িভাড়া। নর্থ সিকিমের জনপ্রিয় গন্তব্যগুলো যেমন ইয়ুমথাং, লাচুং এর গাড়িভাড়া ছিলো প্রতিদিন ৪,০০০ রুপি। এখন সেগুলোতে লাগবে প্রায় ৬,০০০ রুপি। আবার গাড়ি যদি একটু ভালো হয় সেক্ষেত্রে ডিলাক্স গাড়ির জন্য লাগবে আরো ৩,০০০ রুপি বেশি। এছাড়া পূর্ব সিকিমের বিভিন্ন গন্তব্য যেমন ছাঙ্গু লেক, বাবা মন্দির, গ্যাংটক সাইটসিয়িং এর জন্য প্রতিদিন ৩,৫০০ রুপি খরচ হতো প্রতি গাড়িতে। এখন সে খরচ বেড়ে দাঁড়িয়েছে ৬,০০০ রুপিতে। দূরপাল্লার বাসগুলো আগের ভাড়াতে চললেও, তাদেরও ভাড়া বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

ফলে এখন যারা দার্জিলি-সিকিম পরিকল্পণা করছেন তাদের জন্য গাড়ি ভাড়ার বাজেট বাড়িয়ে পরিকল্পণা করতে হবে। এ জায়গাগুলো ভ্রমণে গাড়িভাড়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। আবার টিম সাইজের উপর খরচ অনেকাংশে নির্ভর করে। এখন যারা পরিকল্পণা করছেন তারা এ বিষয়গুলো মাথায় রেখে পরিকল্পণা করবেন। দার্জিলিং-সিকিম ট্রিপ বিষয়ে কোন প্রশ্ন থাকলে এ পোস্টের কমেন্টে করতে পারেন, আমরা উত্তর দিবো।
ফিচার ছবি লেখক
ভ্রমনগুরু your travel adviser
One comment
Pingback: সাত দিনে দার্জিলিং সিকিম ভ্রমণ পরিকল্পণা