সারা বিশ্বের পর্যটকদের স্বপ্নের গন্তব্য মালদ্বীপ। দৃষ্টিনন্দন রিসোর্ট, সাদা বালি ও নীল সমুদ্র সৈকতে ঘেরা এ দ্বীপটি দেখতে কার না ভালো লাগে। ব্যতিক্রম নয় বাংলাদেশের পর্যটকরাও। ভৈাগলিক অবস্থানের জন্য বাংলাদেশ থেকে দূরত্ব বেশি না হলেও এখন পর্যন্ত সরাসরি কোন ফ্লাইট নেই বাংলাদেশের সাথে। পর্যটকদের জন্য সুসংবাদ হচ্ছে এবছরের নভেম্বরেই চালু হতে যাচ্ছে বাংলাদেশ-মালদ্বীপ সরাসরি ফ্লাইট।

এ বছরের মার্চেই বাংলাদেশ ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিলো ঢাকা থেকে সরারসরি মালে বিমান ও জাহাজ চলাচল করবে। তবে সে বৈঠকে বাংলাদেশ বিমানের কথা বলা থাকলেও প্রথম বাংলাদেশি উড়োজাহাজ হিসেবে ঢাকা-মালে সরাসরি ফ্লাইট চালু করছে দেশের অন্যতম প্রধান বেসরকারী বিমান সংস্থা ইউএসবাংলা এয়ারলাইন্স।
প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানিয়েছেন নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে চালু হচ্ছে ঢাকা-মালে সরাসরি ফ্লাইট। বোয়িং ৭৩৭-৮০০ বিমানের মাধ্যমে এ সেবা চালু হবে। বর্তমানে ইউএসবাংলা এয়ারলাইন্সের চারটি বোয়িং ৭৩৭-৮০০ বিমান রয়েছে। এছাড়া সাতটি ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ সহ মোট ১৪ টি বিমার রয়েছে তাদের। ১৬৪ আসন বিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি সপ্তাহে চারদিন চলবে ঢাকা-মালের গন্তব্যে।

বাংলাদেশ থেকে হাজার হাজার পর্যটক হানিমুনে ও বেড়াতে যায় মালদ্বীপ। কিন্তু সরাসরি কোন ফ্লাইট না থাকায় সময়ও বেশি লাগতো, টাকাও খরচ হতো বেশি। সরাসরি ফ্লাইট চালু হলে খরচও কমবে, সময়ে বাঁচবে। এছাড়া মালদ্বীবে বসবাসরত প্রবাসীদের দীর্ঘদিনের দাবী ছিলো ঢাকা-মালের এ সরাসরি ফ্লাইট। ইউএসবাংলা এয়ারলাইন্স জানিয়েছে তারা মালদ্বীপের পর শ্রীলংকা সরাসরি ফ্লাইট চালু করবে।
ঢাকা-মালে-ঢাকার রিটার্ণ ভাড়া শুরু হবে ৪৫,০০০ টাকা থেকে। আর ওয়ানওয়ে ভাড়া পড়বে ২৯,০০০ টাকা।
ফিচার ছবি: সাদিয়া
ভ্রমনগুরু your travel adviser